৩৪ কূটনীতিক নিয়ে কক্সবাজারে পররাষ্ট্রমন্ত্রী
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম
ছবি- সংগৃহীত।
কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন অবকাঠামো এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ২৪ দেশের ৩৪ কূটনীতিবিদ নিয়ে কক্সবাজারে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম। এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন আর পর্যটনের গল্প বিশ্বময় ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন মন্ত্রী।
সকাল ৯টায় চট্টগ্রাম পৌঁছে শুরুতে দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে প্রথম টানেল 'বঙ্গবন্ধু টানেল' পরিদর্শন দিয়ে শুরু হয় কূটনৈতিকদের এই যাত্রা। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, পাকিস্তান, ইতালিসহ ২৪ দেশের ৩৪ জন কূটনীতিবিদ রয়েছেন দুই দিনের এই সফরে। টানেল পরিদর্শনের পর চট্টগ্রাম রেলস্টেশন থেকে বেলা পৌনে ১২টায় কক্সবাজারের উদ্দেশে বিশেষ ট্রেনে রওনা দেন কূটনৈতিকরা।বাংলাদেশের এই অঞ্চলের উন্নয়ন অবকাঠামো পরিদর্শন আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করতে এসে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে বিদেশি বিভিন্ন মিশন ও সংস্থার এসব প্রতিনিধিদের।কক্সবাজারে এসে আর্জেন্টিনার কূটনৈতিক মার্সেলো থিসা বলেন, আমি খুব খুশি। প্রথমবারের মতো চট্টগ্রাম এসেছি। কক্সবাজারেও প্রথম। বাংলাদেশ সম্পর্কে আরও জানতে ভালোই লাগছে। এর আগে আমি শুধু ঢাকা সম্পর্কেই জানতাম।
ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক চার্লস ওয়েডলি বলেন, এখানে আসার আগে আমরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টানেলে গিয়েছি। এখন প্রথম বারের মতো ট্রেনে করে কক্সবাজার এসেছি। যা খুবই রোমাঞ্চকর।পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন দেশের সঙ্গে সর্ম্পক উন্নয়নের পাশাপাশি এখানকার পর্যটন সম্ভাবনা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছাতেই এমন আয়োজন। এর মাধ্যমে জাতিগত সামর্থ্য প্রদর্শনের সুযোগও নিতে চায় বাংলাদেশ।এই সফরে মঙ্গলবার দুপুরে কক্সবাজারে ইনানীতে রাত্রিযাপন করবেন কূটনীতিবিদরা। ২৮ ফেব্রুয়ারি কক্সবাজারে সমুদ্র সৈকত ও রাঙ্গকূট বৌদ্ধ বিহার পরিদর্শনের কথা রয়েছে।

















