মির্জাপুরে যাত্রীবাহী বাসে ডাকাতি;ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

শামীম মিয়া

০৪ এপ্রিল ২০২৪, ০৪:৩১ পিএম


মির্জাপুরে যাত্রীবাহী বাসে ডাকাতি;ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত দলের ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত প্রায় ২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল বাইপাস মহাসড়কের উপজেলার গোড়াই এলাকায়।

 

আহত পুলিশ কর্মকর্তা নাটোর জেলার সিংড়া উপজেলার জাহিয়া গ্রামের কুবির সাহার ছেলে সুভাষ চন্দ্র। বর্তমানে তিনি গাইবান্ধা ফুলছড়ি থানার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

 

পুলিশ জানায়, পুলিশের ইনচার্জ সুভাষ চন্দ্র গতকাল ঢাকায় একটি মামলার সাক্ষী দেওয়া শেষে রাতের দিকে বাসযোগে কর্মস্থলে ফিরছিলেন। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় পৌঁছালে একদল ডাকাত বাসের ভেতর উঠে ডাকাতি শুরু করে। এ সময় ওই পুলিশ কর্মকর্তা সুভাষ চন্দ্র বাধা দিলে ডাকাত দলের সদস্যরা তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে রক্তাক্ত করে। তার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে কুমুদিনী হাসপাতালে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। যাত্রীবাহী বাস ও ডাকাত দলের সদস্য সোহেল রানাকে আটক করেছে গোড়াই হাইওয়ে পুলিশ।

 

এব্যাপারে গোড়াই হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর আনিসুজ্জামান জানান, সংবাদ পেয়ে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। গোড়াই ও টাঙ্গাইল হাইওয়ে পুলিশের সদস্যরা ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Ads