টানা তাপপ্রবাহে বাড়ছে রোগ, রোগীর চাপে হিমশিম চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ এপ্রিল ২০২৪, ০৪:৩২ পিএম


টানা তাপপ্রবাহে বাড়ছে রোগ, রোগীর চাপে হিমশিম চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী

ছবি- সংগৃহীত।

 

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের প্রভাব পড়েছে দেশের হাসপাতালগুলোতে। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, হিটস্ট্রোকসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। আর উপচে পড়া রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
 

আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, সুতি কাপড় পরা এবং বেশি বেশি পানি পান করার পরামর্শ চিকিৎসকদের।
 

ঋতুচক্রের পরিক্রমায় বৈশাখের খরতাপ অপরিচিত নয়। তবে প্রকৃতির চিরচেনা এই রূপে গত কয়েক বছর ধরে চলছে ছন্দপতন। এতে শুধু মানুষই নয়, নাভিশ্বাস অবস্থা সমগ্র প্রাণ-প্রকৃতির।
 

রুদ্র বৈশাখের দাপটে অসহনীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। মাথার উপরের গণগনে সূর্যের অত্যাচারে গৃহবন্দি অনেকেই। জীবিকার প্রয়োজনে সড়কে বের হয়েই পড়ছেন চরম বিপাকে।
 

ভয়াবহ খরতাপে সড়কে কম মানুষের দেখা মিললেও সম্পূর্ণ ভিন্ন চিত্র হাসপাতালে। উষ্ণতম দিনের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যাও। যাদের অধিকাংশই গরমজনিত ঠান্ড, কাশি, জ্বর, পাতলা পায়খানা ও নিউমোনিয়ায় আক্রান্ত।
 

তাপপ্রবাহের শুরুতে ঠান্ডার প্রভাব থাকলেও এ পর্যায়ে ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগীর সংখ্যা বেড়েছে বলে জানান চিকিৎসকরা। গরম বাড়লে আরও রোগী বাড়ার শঙ্কা রয়েছে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু গরমে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে পানি ও খাবার স্যালাইন পান করার পরামর্শ দেন।
একইসঙ্গে তিনি বলেন, ‘গরমে সুস্থ থাকতে সুতি ও হালকা রঙের, বিশেষ করে সাদা কাপড় পরতে হবে। একটানা বাইরে কাজ করা যাবে না। রিকশাচালক, হকার বা যারা বাইরে কাজ করেন তারা যেন কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেন। বাইরে থেকে ঘরে ফিরে ঠান্ডা পানি খাওয়া যাবে না, কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর পানি খেতে হবে।
 

এ অবস্থায় গরমের প্রভাব থেকে মুক্তির জন্য কাজের সময়সূচিতে পরিবর্তন আনার পরামর্শ বিশেষজ্ঞদের।
 

জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, জীবিকার জন্য অনেককে বাইরে বের হতে হয়। এটার পরিবর্তন করা দরকার। নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে নিয়ম করা যেতে পারে যে তারা সন্ধ্যার পর কাজ করবে।
 

Ads