খাগড়াছড়ির সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন
২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ পিএম
খাগড়াছড়ির সমসাময়িক পরিস্থিতি ও দেশের বর্তমান অস্থিতিশীল অবস্থার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির সভাপতি, প্রাক্তন সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।
বুধবার (২৩ অক্টোবর, ২০২৪) দুপুরে খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় তার নিজ বাসভবনে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সামনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ওয়াদুদ ভূঁইয়া দাবি করেন, সম্প্রতি জেলা সদরে বিএনপির নেতাকর্মীদের নিয়ে আয়োজিত একটি সাংগঠনিক সভার বক্তব্যের কিছু অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ও আওয়ামী ফ্যাসিস্ট চক্র এ ধরনের অপপ্রচারের মাধ্যমে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এবং তার জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে সচেষ্ট রয়েছে। তিনি খাগড়াছড়ির সাধারণ জনগণ, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, খাগড়াছড়ি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের জন্য অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশ্বস্ত করেন যে, বিএনপি সর্বদা পাহাড়ের জনগণের পাশে থাকবে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















