আক্কেলপুরে ফসলের ফলন নির্ণয়ের জন্য নমুনা শস্য কর্তন
২৭ অক্টোবর ২০২৪, ১০:৩০ পিএম
জয়পুরহাটের আক্কেলপুরে ফসলের ফলন নির্ণয়ের জন্য নমুনা শস্য কর্তন আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পাশে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই ফসলের ফলন নির্ণয়ের জন্য নমুনা কর্তন অনুষ্ঠিত হয়।
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়পুরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোছাঃ রাহেলা পারভীন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মজিবর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (পি.পি) কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম,আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, এবার এই উপজেলায় ১০ হাজার ৬ শ ৪০হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তার চেয়ে ৫হেক্টর বেশি জমিতে চাষ করেছেন কৃষকরা। আশ্বিন-কার্তিক মাসের অভাবের সময় এ ধান পাওয়া যায় বলে এলাকার মানুষ আগাম জাতের এ ধান চাষ করে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান হোসেন জানান, উপজেলায় আগাম জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কারণ এ জাতের ধান কাটার পর খুব সহজেই রবিশস্য চাষাবাদ করতে পারেন তারা। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে উপজেলায় আংশিক ধানের ক্ষতি হয়েছে।
















