আশুগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ-বিক্রির দায়ে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

এইচ.এম. সিরাজ

২৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পিএম


আশুগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ-বিক্রির দায়ে সাত প্রতিষ্ঠানকে জরিমানা


মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ-বিক্রি, অধিক দামে বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা শহরের দক্ষিণ গলির ফার্মেসিগুলোতে  অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট শ্যামল চন্দ্র বসাকেরর নেতৃত্বে পরিচালিত অভিযানকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ওষুধ প্রশাসনের অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাম্মৎ ফোয়ারা পারভীনসহ ওষুধ প্রশাসনের অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় মা ফার্মেসী, মদিনা মেডিক্যাল হল, সেবা ফার্মেসী, আফসার মেডিক্যাল হল, রওশনা আরা মেডিক্যাল হল, তাকওয়া ফার্মেসী, ইউসা ফার্মেসীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, অভিযানের খবর পেয়ে অনেক প্রতিষ্ঠানই বন্ধ করে মালিকরা পালিয়ে যায়। 

অভিযান শেষে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট শ্যামল চন্দ্র বসাক বলেন, উপজেলা সদরে অবস্থিত অন্তত সাতটি ফামের্সিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, বেশিরভাগ ফার্মেসীতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে। অনেক ফামেসীতেই এন্টিবায়োটিক বিক্রির সঠিক নিয়ম মানা হচ্ছে না। তাই সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং সর্তক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি আশুগঞ্জের একটি ফার্মেসীর মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় ফামের্সীর মালিককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর পর থেকেই ফার্মেসীগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিষয়ে প্রশাসন অভিযান পরিচালনা করছে।

 

Ads