নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জেলা প্রশাসনের সক্রিয় উদ্যোগ

এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি-

১০ নভেম্বর ২০২৪, ১০:২৬ পিএম


নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জেলা প্রশাসনের সক্রিয় উদ্যোগ

জেলা প্রশাসক আব্দুল আউয়াল জানান, গত অক্টোবর মাসে ১৯টি টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে বাজার মনিটরিং, ভোক্তা অধিকার আইন ২০০৯ এবং পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর অধীনে ১৭টি মামলায় মোট ১৫,৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল লিখিত বক্তব্যে জানান, নওগাঁ জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারসহ সকল বাহিনী নিরলসভাবে কাজ করছে।

জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, নওগাঁ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ১১টি উপজেলায় টাস্কফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম চালু রয়েছে। গত অক্টোবর মাসে ১৯টি টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে বাজার মনিটরিং, ভোক্তা অধিকার আইন ২০০৯ এবং পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর অধীনে ১৭টি মামলায় মোট ১৫,৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পলিথিন ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের মাধ্যমে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের জন্য জরিমানাও আরোপ করা হয়েছে। এ ছাড়া যানজট নিরসনে নওগাঁ পৌরসভায় অনিবন্ধিত অটোরিকশা ও থ্রি হুইলার নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে এবং শিগগিরই এই যানগুলো শহরে প্রবেশে বাধা দেওয়া হবে।

জেলা প্রশাসক জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। অতিরিক্তভাবে, আইন-শৃঙ্খলা বাহিনী ও মোবাইল কোর্টের মাধ্যমে গত দুই মাসে ১৫২টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৪১০টি মামলায় ৬,৫৯,৯৫০ টাকা জরিমানা ও ১৪০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ৩৩১টি অভিযান পরিচালনা করে ২১৪টি মামলায় ২৩৪ জনকে আটক করা হয়েছে এবং ২ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯২ টাকার সমমূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ৬ জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ইস্যুকৃত সমস্ত সমর্পণযোগ্য আগ্নেয়াস্ত্র জমা নেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই শেষে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে গঠিত কমিটির সভা এবং গণবিজ্ঞপ্তি জারি করাসহ এই সংক্রান্ত কার্যক্রমও চলমান।

শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়টি নিয়েও জেলা প্রশাসক জোর দেন এবং ছাত্রদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে সরকার কর্তৃক নিয়োগকৃত প্রশাসকদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে জনগণ কাঙ্ক্ষিত সেবা পেতে পারে।

সম্মেলনে উপস্থিত ছিলেন ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক মো. মোস্তাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন শিষ, সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব হাসান, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, ক্যাপ্টেন রাহাত, সহকারী কমিশনার আবদুল্লাহ বিন জিয়া, ডিএডি মো. তসলিম (১৪ বিজিবি), এবং ডেপুটি জেলার আব্দুর রবসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় নওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এটি বজায় রাখতে প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Ads