আখাউড়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
১৬ নভেম্বর ২০২৪, ১০:২৪ এএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন মিয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে একই গ্রামের স্বপন চৌধুরী গংরা। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যের পর ছুরিকাঘাতে নিহত মো. স্বাধীন মিয়া (২৫) উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার পুত্র। অপরদিকে ছুরিকাঘাতকারী স্বপন চৌধুরী একই গ্রামের রোকন উদ্দিন চৌধুরীর ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী ও নিহতের মা জরিনা বেগম সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যে সাতটার দিকে আজমপুর রেলওয়ে কলোনী সংলগ্ন নার্সারীর সামনে আজমপুর গ্রামের স্বপন চৌধুরী ও তার সঙ্গীয়রা স্বাধীনকে মারধর করাসহ ছুরিকাঘাত করে। স্থানীয়রা স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার লুৎফল আমিন চৌধুরী বলেন, আমি আমার মাছের প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম। এসময় আজমপুর রেলওয়ে কলোনী মসজিদের সামনে স্বপন চৌধুরী ও স্বাধীন মিয়া নামের দু'জনকে ধস্তাধস্তি করতে দেখে তাদেরকে শান্ত করে দেওয়ার চেষ্টা করি। কিছুক্ষণ পর আরও ৪/৫ জন যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে। এরই এক পর্যায়ে স্বপন চৌধুরী একটা লম্বা ছুরি দিয়ে স্বাধীনের পেটে আঘাত করে। তাৎক্ষনিক আমি বিষয়টি থানা পুলিশকে অবগত করি। এদিকে শোরচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছুরিকাঘাতে গুরুতর আহত স্বাধীনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় আখাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এদিকে, একাধিক সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে নিহত স্বাধীন মিয়া এলাকার চিহ্নিক একজন মাদক সেবী ও মাদক কারবারি। নিহত স্বাধীনের মা জরিনা বেগম হাসপাতালে বিলাপ করতে করতে বলেন, 'স্বপন আমার ছেলেরে মাইরা লাইছে।'
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়জুন্নেছা আমিন বলেন, সন্ধ্যে ৭ টা ২৩ মিনিটে মৃত অবস্থায় ওই যুবককে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পেটে ছুরিকাঘাত রয়েছে। চিকিৎসা দেয়া সম্ভব হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।'























