আক্কেলপুরে তেলবাহী লড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ-আহত তিন
১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম
জয়পুরহাটের আক্কেলপুরে তেলবাহী লড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের কেবিন দুমড়ে-মুচড়ে যায়। পিকআপ ভ্যানের কেবিন কেটে চালকসহ আটকে পড়া গুরুত্বর তিন জনকে আহতবস্থায় বের করে নিয়ে আসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। সোমবার (৯ডিসেম্বর) সন্ধ্যায় আক্কেলপুর-বগুড়া সড়কের আক্কেলপুর উপজেলার পূর্ণগোপীনাথপুর হঠাৎপাড়া নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হলে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতরা হলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ির কেত্তারপাড়া গ্রামের আরিফ হোসেন (৪৪), বগুড়ার কাহালু উপজেলার শান্তা গ্রামের রফিক (২২) এবং শাজাহানপুর উপজেলার কৈগাড়ি গ্রামের উজ্জল হোসেন (২২) ।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আক্কেলপুর থেকে আইসক্রীম বহনকারী একটি পিকআপ ভ্যান যাচ্ছিল। পিকআপ ভ্যানটি সড়কের পূর্ণগোপীনাথপুর হঠাৎপাড়া পৌঁছায়। এসময় যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লড়ির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের কেবিনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পিকআপ ভ্যানের চালকসহ তিন জন কেবিনে আটকা পড়েন। তেলবাহী লড়িটি দ্রুত গতিতে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা পিকআপ ভ্যানের কেবিন কেটে ভেতর থেকে চালকসহ তিনজনকে গুরুত্বর আহতবস্থায় বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষ তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী আজাদ রহমান বলেন, বিকট শব্দ শুনে সড়কে এসে দেখি পিকআপ ভ্যান ও তেলের লড়ি মুখোমুখী সংঘর্ষ হয়েছে। পিকআপ ভ্যানের কেবিন দুমড়ে-মচড়ে যাওয়ায় ভেতরে তিন জন আটকা পড়ে। ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা দ্রুত এসে আহত তিন জনকে উদ্ধার করেন।
আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবদুল কাদের বলেন, আমরা দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পিকআপ ভ্যানের কেবিন কেটে গুরুতর আহতবস্থায় তিনজনকে উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার শেষে আক্কেলপুর-বগুড়া সড়ক রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়া হয়। এ পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















