চায়না কমলা চাষে সফলতা পেয়েছেন মির্জাপুরের দেলোয়ার

শামীম মিয়া

১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম


চায়না কমলা চাষে সফলতা পেয়েছেন মির্জাপুরের দেলোয়ার

 

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের কৃষি উদ্যোক্তা দেলোয়ার হোসেন দিলু। তিনি চায়না কমলা চাষে সফলতা পেয়েছেন। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা কমলা দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থীরা।এ কমলা সুস্বাদু  হওয়ার কারনে দর্শনার্থীরা কমলা কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন।

কৃষি উদ্যোক্তা দেলোয়ার হোসেন দিলু,গত২০১৮ সালে পেয়ারা গাছ বাগানের মাধ্যমে তার বাগানের যাত্রা শুরু করেন।পরের বছর ছোট্ট পরিসরে এক একর জমিতে মিশ্র বাগান করেন দিলু।তিন বছর পর থেকে তিনি তার বাগানের বিভিন্ন ফল বিক্রি করতে থাকেন।লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ঘুরে তিনি নিজ উদ্যোগে নিজে সাড়ে ছয় একর জমিতে দিলু এগ্রো ফার্ম নামক মিশ্র বাগান তৈরি করেছেন।গেলো বছর বাগান থেকে বিক্রি করা কমলাসহ আরও বিভিন্ন ধরণের ফল আড়াই লক্ষ টাকার অধিক বিক্রি করেন তিনি।

এ বছর ১৪০টি গাছের কমলা বিক্রি করেই ৪ লক্ষাধিক টাকার বিক্রি হবে বলে আশা করছেন এই উদ্যোক্তা।গেলো দুদিনে তিন লক্ষাধিক টাকার কমলা বিক্রি করেছেন শুধুমাত্র বাগানে আসা দর্শনার্থীদের কাছে।এ বাগানের মাধ্যমে স্থানীয় বেশ কয়েকজন যুবকের কর্মস্থানেরও সৃষ্টি হয়েছে।বাগান দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই।

মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন,দেলোয়ার হোসেন অনেক বড় একজন উদ্যোক্তা।তার বাগানে সবসময় কৃষি উপ-সহকারী সাদত হোসেনসহ কৃষি অফিস সব ধরণের পরামর্শ ও সহযোগিতা করে এসেছে। যদি কেউ এ ধরণের উদ্যোক্তা হতে আগ্রহী হয় তাদেরও কৃষি বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
 

 

Ads