ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
০১ জানুয়ারি ২০২৫, ০৫:১৬ পিএম
নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান। একাধারে চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, হরিতকি ডাঙ্গা উচ্চ বিদ্যালয়, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিতকি ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে তারুণ্যের এই উৎসবের সূচনা করা হয়।

অনুষ্ঠানে চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন এবং ভাতকুন্ডু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাহাবুব উর রহমান ও ধামইরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ অনুষ্ঠানে অংশ নেন।
উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম জানান, ধামইরহাট উপজেলায় ১১৩টি প্রাথমিক বিদ্যালয় এবং ২০টি কিন্ডারগার্টেন স্কুলে নতুন বই বিতরণ করা হবে। একইসঙ্গে মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, ২৯টি মাধ্যমিক বিদ্যালয়, ২৪টি মাদ্রাসা, ভোকেশনাল ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যও সরকারি সরবরাহ সাপেক্ষে পর্যায়ক্রমে বই বিতরণ সম্পন্ন করা হবে।
নতুন বছরের বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত। বই উৎসবের এই কার্যক্রমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
















