সড়ক দুর্ঘটনায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন, আহত ৫
২৪ মে ২০২৫, ১২:৩৬ পিএম
খাগড়াছড়ির আলুটিলা এলাকায় ট্রাক্টর ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ মে) সকাল আনুমানিক ৭টার দিকে আলুটিলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের পরপরই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহতরা হলেন মাটিরাঙ্গার মো. আবদুর রহিম (৩০), খাগড়াছড়ি শহরের নতুন পাড়ার মো. শাহিন, রমজান আলী (২৭), থৈঅংগ্য মারমা (২৭)। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন।

















