ধামইরহাট থানায় ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছেঁড়ার অভিযোগ

এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি-

২০ জুন ২০২৫, ০৮:০৬ পিএম


ধামইরহাট থানায় ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছেঁড়ার অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়া ছবিতে প্রশ্নপত্র ছেঁড়ার দৃশ্য দেখা গেছে। এ ঘটনায় নওগাঁ জেলা প্রশাসক একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। ছবি- সংগৃহীত

ওগাঁর ধামইরহাট থানায় সংরক্ষিত ট্রাংক ভেঙে আসন্ন ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছেঁড়া ও ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নওগাঁ জেলা প্রশাসক একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) এই তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে, মঙ্গলবার (১৭ জুন) রাতেই ঘটনাটি ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র থানায় একটি সিলগালা করা ট্রাংকে সংরক্ষণ করে রাখা হয়েছিল। ওই ট্রাংকের দুটি তালা খোলা অবস্থায় পাওয়া যায়। ট্রাংকের ভেতর থাকা ইতিহাস দ্বিতীয় পত্রের (সেট কোড ৩০৫) মোট ৫০টি প্রশ্নপত্রের মধ্যে ১৫টি ছেঁড়া ও অবিন্যস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, বাকি ৩৫টি প্রশ্নপত্র ভালো অবস্থায় পাওয়া গেছে।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়া ছবিতে প্রশ্নপত্র ছেঁড়ার দৃশ্য দেখা গেছে। তবে প্রশ্নপত্র চুরি হয়েছে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি আবদুল মালেকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ. সাফিউল সারোয়ার বলেন, “গত ২৪ এপ্রিল উপজেলার বড়থা বাজারে ছাগল ব্যবসায়ী উজ্জল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় সাগর হোসেন (৩০) নামের এক আসামিকে মঙ্গলবার রাতে আটক করে থানায় আনা হয়। হাতকড়া পরিহিত অবস্থায় থানা হেফাজতে থাকাকালে সে মজুদকৃত ট্রাংকের তালা খুলে প্রশ্নপত্র বের করে কিছু ছিঁড়ে ফেলে। তবে কোনো প্রশ্নপত্র চুরি বা হারায়নি।”

এদিকে ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনার তদন্ত চলছে। এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে, কোনো প্রশ্নপত্র খোয়া যায়নি।”

তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো চূড়ান্ত মন্তব্য করতে নারাজ। শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে বলে জানা গেছে।

 

Ads