দেশ কোল্ড স্টোরে ডাকাতি

ফিরোজ আলম

০৮ আগস্ট ২০২৫, ০১:০০ এএম


দেশ কোল্ড স্টোরে ডাকাতি

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

রাজশাহীর মোহনপুরে দেশ কোল্ড স্টোরেজে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (৬ আগষ্ট) গভীর রাতে উপজেলার বাকশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া এলাকায় দেশকোল্ড স্টোরেজ প্রাঃ লিঃ এ ঘটনা ঘটে। 

হিমাগার কর্তৃপক্ষ জানায়, ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হিমাগারের ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীসহ ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।

এরপর ডাকাতেরা পাওয়ার হাউস, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগ থেকে নতুন ও পুরোনো ধাতব মালামাল লুট করে নেয়। একই সঙ্গে শ্রমিক সরদারের কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান বলেন, ডাকাতেরা তালা ভেঙে যন্ত্রাংশ, গান মেটাল, জার্নাল বিয়ারিংসহ ওয়ার্কশপ হাউসের বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে ভোররাতে এক শ্রমিক কৌশলে হাত খুলে ফেলেন এবং হুইসেল বাজলে অন্য শ্রমিকেরাও মুক্ত হন।

এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান “প্রতিদিনের চিত্রকে” বলেন, ডাকাতির খবর পেয়ে আমরা দ্রুত হিমাগারে যাই। ঘটনাটি নিয়ে গভীর ভাবে কাজ করা হচ্ছে। হিমাগারের কেউ ডাকাতির সাথে জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে, প্রকৃতদোষী ব্যক্তিদের কে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।

Ads