বহুবছর পর নওগাঁয় ফিরলো ঐতিহ্যবাহী ভলিবল

এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি-

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম


বহুবছর পর নওগাঁয় ফিরলো ঐতিহ্যবাহী ভলিবল

নওগাঁর হারিয়ে যাওয়া এই খেলাকে পুনরুজ্জীবিত করতে এবং যুব সমাজকে খেলামুখী করতে উদ্যোগ নেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল। ছবি- প্রতিনিধি

ওগাঁর ক্রীড়াঙ্গনে হারিয়ে যাওয়া ভলিবল আবারো আনুষ্ঠানিকভাবে মাঠে ফিরলো। দীর্ঘদিন পর শুরু হলো ‘জুলাই স্মৃতি ভলিবল টুর্ণামেন্ট’, যা নওগাঁর খেলাধুলাকে নতুন করে প্রাণ ফিরিয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খেলাপ্রেমীরা।

একসময় দেশব্যাপী সুনাম কুড়িয়েছিল নওগাঁর ভলিবল দল। ১৯৯৪, ১৯৯৫ ও ১৯৯৬ সালে জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। কিন্তু নব্বই দশকের শেষভাগে এসে নানা কারণে এবং পৃষ্ঠপোষকতার অভাবে মাঠ থেকে হারিয়ে যায় এ খেলা। জীবিকার তাগিদে এক সময়ের খ্যাতিমান খেলোয়াড়দের অনেকেই ভিন্ন পেশায় চলে যেতে বাধ্য হন।

নওগাঁর হারিয়ে যাওয়া এই খেলাকে পুনরুজ্জীবিত করতে এবং যুব সমাজকে খেলামুখী করতে উদ্যোগ নেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সফলভাবে আয়োজনের পর এবার শুরু হলো বহু প্রতীক্ষিত ভলিবল প্রতিযোগিতা।

বৈরি আবহাওয়ার কারণে এক মাস বিলম্বে অবশেষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঐতিহ্যবাহী নওযোয়ান মাঠে এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এবারের টুর্ণামেন্টে জেলার ৫টি উপজেলা, স্থানীয় ২টি ক্লাব এবং ১টি বিজিবি দলসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। উদ্বোধনী ম্যাচে মান্দা উপজেলা ভলিবল দল ২–০ সেটে রাণীনগর উপজেলা দলকে হারিয়ে জয়লাভ করে।

মাঠে খেলা দেখতে আসা দর্শক এমদাদুল ইসলাম ও আমিনুল ইসলাম টুটুল বলেন, “বহু বছর পর নওগাঁয় ভলিবল খেলা দেখতে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আশা করি নিয়মিত এ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম আবারো ভলিবলের প্রতি আগ্রহী হবে।”

খেলোয়াড়রাও একই প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাদের ভাষায়, “শীতকালে শখের বশে বিভিন্ন এলাকায় খেলা হলেও এতো বড় আয়োজন দীর্ঘদিন হয়নি। তাই আমরা চাই এই ধারাবাহিকতা যেন বজায় থাকে।”

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সুস্থ ও সবল যুব সমাজের বিকল্প নেই। দীর্ঘদিন পৃষ্ঠপোষকতার অভাবে নওগাঁর ক্রীড়াঙ্গন ম্লান হয়ে পড়েছিল। এ সময় যুবকরা খেলাধুলা থেকে দূরে সরে গিয়ে মোবাইল ও মাদকে আসক্ত হয়েছে। সেই পরিস্থিতি পাল্টাতে খেলাধুলাকে নতুন করে মাঠে ফিরিয়ে আনা জরুরি।”

তিনি আরও বলেন, “নওগাঁর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যেই জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের মাধ্যমে অনেক প্রতিভাবান খেলোয়াড় সামনে এসেছে। এবার ভলিবল টুর্ণামেন্টও একইভাবে নতুন খেলোয়াড়দের তুলে ধরবে।”

আব্দুল আউয়াল প্রতিশ্রুতি দিয়ে বলেন, “নওগাঁর ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম খেলোয়াড় তৈরির লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।”

 

Ads