যমজ দুই বোন পেলেন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫

শামীম মিয়া

১৭ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম


যমজ দুই বোন পেলেন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫

 

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের ঠিকাদার কামরুজ্জামান খোকন ও মাহমুদা জামান দম্পতির যমজ দুই মেয়ে রুবাবা জামান ও রুবাইয়া জামান দুই বোন চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা(এইচএসসি)ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।চলতি বছর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে তাঁরা দু'জন জিপিএ-৫ পেয়েছে।

পরিবার ও কলেজ সূত্রে জানা যায়,২০১৮ সালে মির্জাপুর উপজেলার গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুই বোন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছিল।এরপর ২০২৩ সালে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সব বিষয়ে গোল্ডেন জিপিএ-৫ পায় তাঁরা।

যমজ বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান জানান,আমাদের এই সাফল্যের পেছনে মা-বাবা,নানা-নানীসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা দুই বোন ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে চাই,বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চাই।আমরা সকলের কাছে দোয়া চাই।

এ ব্যাপারে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড.এনামুল ইসলাম সাংবাদিকদের বলেন,রুবাবা জামান ও রুবাইয়া জামান খুবই শান্ত,মেধাবী ও পরিশ্রমী। তাদের দুজনের সাফল্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে।

 

Ads