ডিপ্লোমা শিক্ষার্থীদের ঐক্যের অঙ্গীকারে নওগাঁ পলিটেকনিকে আলোচনা সভা

এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি-

০৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম


ডিপ্লোমা শিক্ষার্থীদের ঐক্যের অঙ্গীকারে নওগাঁ পলিটেকনিকে আলোচনা সভা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় পর্যায়ের সংগঠক, শিক্ষক-ইন্সট্রাক্টরসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী। ছবি- এ কে নোমান ।

ওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট সমন্বয় দলের পরিচিতি ও আলোচনা সভা।” মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে ইনস্টিটিউটের মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় পর্যায়ের সংগঠক, শিক্ষক-ইন্সট্রাক্টরসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী।

শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। পরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য উপস্থাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি মো. ওয়াকিল হাসান অনন্ত, এবং সঞ্চালনা করেন ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রাসেল ও তৌহিদ ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল মো. আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর সাধারণ সম্পাদক ফেরাউল ইসলাম, অর্থ সম্পাদক নিজামুল হক এবং ছাত্র, শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস প্রিন্সিপাল মো. আমিরুল ইসলাম বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনের মাধ্যমেই ন্যায্য দাবি আদায় করে নিতে হবে, কারণ কেউ অধিকার দিয়ে দেয় না-আন্দোলনের মাধ্যমে তা অর্জন করতে হয়। আমাদের বাঁচতে হবে আন্দোলন করে, ঐক্যবদ্ধ থেকে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে হবে।”

তিনি আরও বলেন, আমাদের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী ও সময়োপযোগী করতে শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠনের মধ্যে সমন্বয় জরুরি।”

এরপর কেন্দ্রীয় কমিটির নেতারা কারিগরি শিক্ষা ও শিক্ষার্থীদের আন্দোলনের পটভূমি, লক্ষ্য এবং চলমান কর্মসূচি তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডেন্ট মো. মাশফিক ইসলাম, জেনারেল সেক্রেটারি মো. হাবিবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মো. রিমন হোসেন, অর্গানাইজিং সেক্রেটারি শাহজাদা আহমেদ, ফিন্যান্সিয়াল সেক্রেটারি রমজান আলী, পাবলিসিটি সেক্রেটারি মো. সাব্বির আহমেদ, এবং এসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি ইবতে সাম আল মাহী।

বক্তারা বলেন, “ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য এখনও একটি কুচক্রী মহল সক্রিয় রয়েছে। তবে আজকের কারিগরি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ, সচেতন ও দৃঢ়সংকল্প-যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধেই আমরা একতাবদ্ধভাবে রুখে দাঁড়াবো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টরসহ বিভিন্ন পর্বের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী।

সভা শেষে ২০২৪ সালের ১ম, ৩য় ও ৫ম পর্বের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শেষাংশে দেশ, কারিগরি শিক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নতি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
 

Ads