নোবিপ্রবিকে আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী
২৩ জুন ২০২৬, ১২:০৪ এএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশ্ববিদ্যালয়ের '২০ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান' উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বিগত সপ্তাহে মন্ত্রিসভায় বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে, যেখানে নার্সিং, মেডিক্যাল সায়েন্স ও আইসিটি'র মতো আধুনিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। নোবিপ্রবিরও এমন একটি 'ইনক্লুসিভ' বা অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় হওয়ার পূর্ণ সক্ষমতা, ভৌগোলিক অবস্থান ও উপযুক্ত পরিবেশ রয়েছে। তাই এটিকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার সব ধরনের সুযোগ রয়েছে বলে তিনি জানান।
শিক্ষার্থীদের মেধার মূল্যায়নের ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, 'ডিনস অ্যাওয়ার্ড' অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পুরস্কার। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের কাজের স্বীকৃতি প্রদান করা হয়, যা তাদের ভবিষ্যতে আরও অনুপ্রাণিত করবে। এই ধরণের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও দায়িত্ববোধের বিকাশ ঘটাবে এবং তারা আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কাজে সরাসরি অবদান রাখতে পারবে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের বিশাল জনশক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে পারলে প্রবাসে তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং দেশ আরও বেশি রেমিট্যান্স লাভ করবে। এই লক্ষ্য বাস্তবায়নে এখন মাদ্রাসা শিক্ষাতেও কারিগরি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখা হবে না জানিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সাধারণ বা কমন বিষয়গুলোর পরীক্ষা একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।
পাশাপাশি তিনি জানান, আগামী ২ জুলাই থেকে চলতি বছরের ৯টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশজুড়ে একই প্রশ্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলমান প্রধান শিক্ষকের সংকট দ্রুতই কেটে যাবে বলে আশ্বস্ত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। তিনি জানান, হাইকোর্টে মামলার কারণে ২০১৭ সাল থেকে প্রায় ৩২,৫০০ প্রধান শিক্ষকের পদোন্নতি বন্ধ ছিল। বিষয়টি সংসদে উত্থাপনের পর আদালতের নজরে এসেছে এবং আগামী ২ জুলাই আপিল বিভাগে এটি নিষ্পত্তি হলে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হবে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোঃ শাহজাহান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৪৯ জন কৃতি শিক্ষক ও শিক্ষার্থীকে 'ডিনস অ্যাওয়ার্ড' এবং ৩ জন শিক্ষককে 'ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৬' প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা শেষে মন্ত্রী নোবিপ্রবির বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এসময় তিনি আসন্ন এইচএসসি পরীক্ষা যেন শতভাগ দুর্নীতিমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়, সেদিকে কঠোর নজরদারি রাখতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আহ্বান জানান।



















