১৫ সদস্য বিশিষ্ট বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন


১৫ সদস্য বিশিষ্ট বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন


বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করে নতুন চেয়ারম্যান হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাম্যাচিংকে মনোনীত করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সাবেক চেয়ারম্যান থানজামা লুসাইয়ের স্থলাভিষিক্ত হয়ে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করছেন।

​উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চেয়ারম্যানসহ ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আইন অনুযায়ী এই পরিষদ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত 'বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯' (সংশোধিত) অনুসরণে দায়িত্ব পালন করবে।

বিএনপির বান্দরবান জেলা নেত্রী মিসেস মাম্যাচিংকে সভাপতি করে নতুন কমিটি ঘোষনা করা হয়৷ ১৫ সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন চনুমং মারমা, মংক্যনু মারমা, লুসাইমং মারমা, মাও সেতুং তঞ্চঙ্গ্যা, দনওয়াই ম্রো, আগষ্টিন ত্রিপুরা, অংজাই উউ চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, ক্যউপ্রু খিয়াং, উম্যাসিং মারমা এবং কাজী নিরুতাজ বেগম।

বর্তমানে জেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে সক্রিয় থাকা মাম্যাচিংয়ের রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি সরকার মেয়াদেও তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছিলেন।

পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী পরিষদের চেয়ারম্যান পদটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা পাহাড়ি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। ২০১৪ সালের আইন সংশোধন অনুযায়ী ১৫ সদস্যের এই অন্তর্বর্তী পরিষদে সব জাতিসত্তার সুষম প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। যেখানে রয়েছেন​মারমা সম্প্রদায়: ৩ জন, ​চাকমা ও তঞ্চঙ্গ্যা: ১ জন,  ​ত্রিপুরা, ম্রো ও চাক: ১ জন করে, ​বম, পাংখোয়া ও লুসাই: ১ জন,  ​খিয়াং ও খুমী: ১ জ,  ​বাঙালি সম্প্রদায়: ৩ জ,  ​নারী প্রতিনিধি: ২ জন (পাহাড়ি ও বাঙালি সম্প্রদায় থেকে ১ জন করে)

​উল্লেখ্য, ১৯৮৯ সালের মূল আইনে নির্বাচিত ৩৩ সদস্যের পরিষদের বিধান থাকলেও বাস্তবতায় দীর্ঘদিন ধরে মনোনীত সদস্যদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন পরিষদ পরিচালিত হয়ে আসছে। ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর প্রথমে থানজামা লুসাই দায়িত্ব পেলেও নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে পুনরায় পরিষদ পুনর্গঠন করা হলো।

Ads