ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, শনাক্ত ৩
২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় জড়িত আরও একজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু। তিনি জানান, শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। পুলিশের দাবি, এ ঘটনায় জড়িত চারজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।
এদিকে ঘটনার পর রোববার সকালে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ এবং কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা তা নিয়ন্ত্রণে আনেন। এতে বাড়িতে থাকা সাদিক কায়েমের বাবা-মা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে তিনি বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় বাড়ির চারপাশে আগুন জ্বলতে দেখেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে রোববার বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হওয়ার কথা রয়েছে।



















