"বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু কর্মীই পারভেজকে হত্যা করেছে- সাহেদ আহম্মেদ
২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পিএম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু কর্মী দ্বারা পারভেজকে হত্যা করা হয়েছে।
আজ সোমবার (২১ এপ্রিল) প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসের ডায়না চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, “শুধু হত্যাকারীদের বিচার করলে হবে না তাদের পিছনে কারা আছে সেটাও তদন্ত করে বিচার করতে হবে। ৫ই আগস্ট পরে আমরা বৈষম্যহীন দেশ চেয়েছিলাম কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না।"
অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, "আপনারা কৌশলে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চেষ্টা করছেন, স্বৈরাচারের দোসর বসুন্ধরা গ্রুপের সাথে লেনদেন করে নিজেদের দল গঠনে ব্যস্ত আছেন। অথচ এসব দোসর আগস্ট পূর্ববর্তী সময়ে খুনি হাসিনার সফর সঙ্গী হয়ে বিদেশ ভ্রমন করত।
দেশে বর্তমানে দখলদারিত্বের রাজনীতি চলছে, প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের কথায় চলছে। আমরা কালক্ষেপণ না করে ছাত্রদল নেতা পারভেজ হত্যার অতিদ্রুত বিচার চায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
























