ইবি শিক্ষক-কর্মকর্তা ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা
০৯ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন ইবি শিক্ষক-কর্মকর্তা ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য করা হয়।
বুধবার (৯ জুলাই) নির্বাচনী কমিটির রিটার্নিং অফিসার অধ্যাপক মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়। এতে সহ সহ: রিটার্নিং অফিসার হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম ও অধ্যাপক মো. নাসির উদ্দিন খান রয়েছেন।
প্রজ্ঞাপন সূত্রে, আগামী ১২ জুলাই ২০২৫ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ১৩ জুলাই সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মীর মোশাররফ হোসেন ভবনে অধ্যাপক মো. গিয়াস উদ্দিনের নিজ কার্যালয়ে (রুম নং ১০৫) খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ করা হবে।
প্রার্থী হতে আগ্রহীদের জন্য সভাপতি পদে ১৫০০ টাকা, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ পদে ১২০০ টাকা এবং সদস্য পদের জন্য ৮০০ টাকা মূল্যের ফর্ম নিয়ে ১৫ ও ১৬ জুলাই সকাল ১০ টা থেকে দুপুর ১টার মধ্যে অধ্যাপক গিয়াস উদ্দিনের কার্যালয় গিয়ে আবেদন করতে হবে।
আগামী ২১ শে জুলাই প্রার্থী তালিকা প্রকাশ ও ২৮ শে জুলাই (সোমবার) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। ওইদিন ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

































