টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং: জায়গা পেল না ইসলামী বিশ্ববিদ্যালয়


টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং: জায়গা পেল না ইসলামী বিশ্ববিদ্যালয়

ছবি- সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন' (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬’ প্রকাশ করেছে। এ র‍্যাংকিংয়ের ৫০০ এর মধ্যে স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। শীর্ষ ৮০০ - ১০০০ এর মধ্যে স্থান পেয়েছে মাত্র ৫টি বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর অফিসিয়াল ওয়েবসাইটে এ র‍্যাংকিং প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে ২০২৬ এর র‍্যাংকিং পর্যালোচনা করে দেখা যায়, বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলের ২,১৯১টি বিশ্ববিদ্যালয়কে এবারের র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করেছে টাইমস হায়ার এডুকেশন। এতে শীর্ষ ৫০০ এর মধ্যে স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৮টি বিশ্ববিদ্যালয় এবার র‍্যাংকিংয়ে স্থান করে নিয়েছে। ২০২৫ এর র‍্যাংকিংয়ে এ সংখ্যা ছিল ২৪।

তালিকায় ৮০১ থেকে ১০০০–এর মধ্যে আছে দেশের ৫টি বিশ্ববিদ্যালয়। যথাক্রমে এগুলো হলো— ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

র‍্যাঙ্কিংয়ে ১০০১ থেকে ১২০০ এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

র‍্যাংকিংয়ে ১২০১ থেকে ১৫০০ এর মধ্যে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

র‍্যাংকিংয়ে ১৫০০ এর পরে স্থান পেয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিসহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়।

র‍্যাংকিংয়ে দেখা যায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় টানা দশমবারের মতো প্রথম স্থান ধরে রেখেছে, তাদের শক্তিশালী গবেষণা পরিবেশ স্কোরের কারণে। ভারত প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বাধিক সংখ্যক বিশ্ববিদ্যালয় নিয়ে তালিকায় জায়গা পেয়েছে।

প্রসঙ্গত, 'টাইমস হায়ার এডুকেশন' (টিএইচই) সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর পাঁচটি প্রধান মানদণ্ড বা সূচকের ভিত্তিতে র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সেগুলো হলো এডুকেশন, রিসার্চ এনভায়রনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি ও ইন্টারন্যাশনাল আউটলুক।

Ads