কেক নয়, ভালোবাসা; এতিমদের সঙ্গে ইবি শিক্ষার্থীর ব্যতিক্রমধর্মী জন্মদিন পালন
০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম
জন্মদিন মানুষের জীবনে বিশেষ একটি দিন। প্রতিবছর এ দিনটি ঘিরে থাকে নানা আয়োজন–কেক কাটা, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা পরিবার-পরিজন বা বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানো, কেউ কেউ আবার আয়োজন করেন জমকালো অনুষ্ঠান। তবে প্রচলিত ধারা থেকে কিছুটা ভিন্নভাবে উদযাপন করতে এতিম শিশুদের নিয়ে জন্মদিন উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী পদমদী এতিমখানার শিশুদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নিতে আয়োজন করেন বিশেষ খাবারের।
জানা যায়, শিশুদের জন্য আয়োজন করতে দিনটির শুরু থেকেই প্রস্তুতি নিতে বন্ধুদের সাথে বাজার করা থেকে শুরু করে রান্নার যাবতীয় কাজ নিজেরাই সম্পন্ন করেন। বিকেলের দিকে এতিমখানার শিশুদের মাঝে খাবার পরিবেশন করেন এবং তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। শিশুদের হাসিমুখই যেন হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী জানান, জন্মদিন মানেই শুধু নিজের আনন্দ নয়; এই দিনটিকে আরও অর্থবহ করা সম্ভব অন্যের মুখে হাসি ফোটানোর মাধ্যমে। এতিম শিশুদের সঙ্গে সময় কাটিয়ে যে আত্মতৃপ্তি অনুভব করা সম্ভব, যা অন্য কোনো উদযাপনে পাওয়া কঠিন। দিনে শেষে এই এতিম বাচ্চাদের মুখের হাসিই বড় পাওয়া।
তিনি আরও বলেন, আমরা নিজেদের আনন্দ-বিলাসের জন্য হাজার হাজার টাকা ব্যয় করি৷ আমরা যদি আমাদের এই নিজেদের ভোগ-বিলাসে টাকা ব্যয় না করে আনন্দটুকু অসহায়-এতিমদের মাঝে ভাগাভাগি করে নেয় তাহলে এই সমাজটা আরো সুন্দর হয়ে উঠবে।


































