মেয়ের বিয়ের পরই হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহা

বিনোদন ডেস্ক

০১ জুলাই ২০২৪, ০১:১৬ পিএম


মেয়ের বিয়ের পরই হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহা

শত্রুঘ্ন সিনহা ও মেয়ে সোনাক্ষী

 

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। জানা গেছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে এই অভিনেতা ও সংসদস সদস্যকে। সদ্য মেয়ের সোনাক্ষী সিনহার বিয়ে হয়েছে। এরই মাঝে হাসাপাতালে ভর্তি বর্ষীয়ান এই অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

টাইমস নাউ-এর প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, গত ২৫ জুন সোমবার নিজের বাড়ির বৈঠকখানায় পড়ে যান শত্রুঘ্ন সিনহা। সেদিন বাড়ির বৈঠকখানা, যেটা কিনা বর্ষীয়ান অভিনেতার পছন্দের জায়গা, সেখানেই সময় কাটাচ্ছিলেন তিনি। টিভিতে খবর শোনা, বা অন্যান্য কিছু দেখা থেকে ইন্টারভিউ সাধারণত ওই সোফাতেই বসে থাকতে দেখা যায় শত্রুঘ্ন সিনহাকে। সেদিনও সেখানেই বসেছিলেন।

তবে হঠাৎই সোফা থেকে উঠতে গিয়ে পড়ে যান অভিনেতা। বুকের পাঁজরে আঘাত লাগে তার। সেই সময় তার সদ্য বিবাহিত কন্যা সোনাক্ষীও সেখানে উপস্থিত ছিলেন। সোনাক্ষীই বাবাকে তোলেন। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, খুব বেশি উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি। অভিনেতার শরীরে কোনো সমস্যা হয়েছে কিনা এবং তিনি ঠিক কী কারণে পড়ে গেলেন সে বিষয়টি খতিয়ে দেখতে হেলথ চেকআপের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১ জুলাই) তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

গত ২৩ জুন মেয়ে সোনাক্ষীর বিয়ে হয়েছে। দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছেন সোনাক্ষী। ভিন্ন ধর্মে বিয়ে করায় বেশ আলোচনায় ছিল এই জুটির বিয়ে। তব সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে এক হন তারা।

 

Ads