ঔষুধ ছাড়াই কমবে মাইগ্রেন!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ মে ২০১৮, ০৭:১৯ পিএম


ঔষুধ ছাড়াই কমবে মাইগ্রেন!

মাথা ব্যথার ৩৬৭টি ধরনের মধ্যে মাইগ্রেনই সবচেয়ে মারাত্মক৷ আর মাইগ্রেনের যন্ত্রণা একমাত্র তারাই বোঝেন, যারা এতে ভুগছেন বা ভুগেছেন৷ মাইগ্রেনের ব্যথা কমানোর সহজ কিছু উপায় রয়েছে। জেনে নিন সে গুলো কি কি। 

মাইগ্রেনের কারণ
মাইগ্রেনের মূ্ল কারণ স্ট্রেস বা মানসিক চাপ এবং স্নায়ুকোষের প্রদাহের কারণেও মাইগ্রেন হয়ে থাকে। মাইগ্রেনের কারণ হতে পারে উচ্চ রক্তচাপ, ঘাড়ের ব্যথা, ঘুমের সমস্যা, কম্পিউটারে কাজ করার সময় ঠিকভাবে না বসা। তাছাড়া অনেকের ক্ষেত্রে বংশের ধারাবাহিকতায় হতে পারে মাইগ্রেনের জটিল ব্যথা৷

মাইগ্রেনের লক্ষণ
মাথার একপাশে ব্যথা এবং সেই সাথে বমি বমি ভাব। কখনো বা মনে হতে পারে মাথায় কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। অনেক সময় কেউ কেউ তখন চোখে ঝাপসা দেখেন। তাছাড়া মাইগ্রেনের ব্যথা শুরু হলে যে কোনো ছোটখাটো শব্দ বা অল্প আলোও অনেক বেশি বা অসহ্য মনে হতে পারে।

ঔষধ ছাড়া মাইগ্রেন দূরে রাখুন
মাইগ্রেন ব্যথায় বেশিরভাগ মানুষই ট্যাবলেট খেয়ে থাকেন। কিন্তু বিশেষজ্ঞ জানান, প্রয়োজনে ট্যাবলেট খাওয়া যেতে পারে তবে তা যেন মাসে ১০ দিনের বেশি না হয়। কিন্তু ঔষধ ছাড়াও মাইগ্রেনকে দূরে রাখা যায়। সে বিষয়ে বিশেষজ্ঞরা দিয়েছেন কিছু টিপস। 

রোজমেরি চা
এক চা চামচ শুকনো রোজমেরি পাতা ১৫০ মিলি লিটার পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন এবং দিনে দু'বার তা পান করুন৷ তবে যেদিন কাজের বেশি চাপ থাকে সেদিন এরকম এক ফ্লাস্ক চা সারাদিনে ভাগ করে পান করবেন৷ কারণ রোজমেরি পাতায় রয়েছে তিক্ত পদার্থ, ফ্ল্যাভোনয়েড এবং শক্তিদায়ক তেল, যা শরীরের কোষে রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং পেশী ও মস্তিষ্কে আরো বেশি অক্সিজেন সরবরাহ করতে পারে৷

চোখের বিশ্রাম
আজকের যুগে কম্পিউটার ছাড়া কাজ করার কথা যেন ভাবাই যায় না। যাদের দিনে কয়েক ঘণ্টা কম্পিউটার পর্দায় চোখ রাখতে হয়, তারা প্রতি ২০ মিনিট পর ২০ সেকেন্ডের জন্য চোখকে বিশ্রাম দিন অর্থাৎ চোখ বন্ধ করুন। তাছাড়া জানালা বা অন্য দিকে তাকাতেও পারেন। এই পদ্ধতি অল্প সময়ের জন্য হলেও খুবই কার্যকর।

মুগ ডালের অঙ্কুর  
মুগডাল ২০ ঘন্টা ভিজিয়ে রাখলে ডাল থেকে বের হয় অঙ্কুর। দিনে তিন বার এক মুঠো করে মুগ ডালের অঙ্কুর খেতে পারেন। এতে রয়েছে প্রচুর ম্যাগনেশিয়াম। শতকরা ৫০ ভাগ মাথাব্যথার রোগীর ক্ষেত্রেই প্রমাণ পাওয়া গেছে যে, তাদের শরীরে ম্যাগনেশিয়ামের অভাব থাকে। তাছাড়া কাজুবাদাম, মিষ্টি কুমরার বিচি, কালো চকোলেটও মাইগ্রেন রোগীদের জন্য উপকারী।

আদার পেস্ট
এক চা চামচ আদা বাটায় দুই ফোঁটা পানি এবং এক ফোঁটা কাঠবাদামের তেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এবার পেস্টটি ঘাড়ে ভালোভাবে মেখে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। ব্যথা কমে যাবে। ইরান বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণায় জানা গেছে, আদায় থাকা গ্লুটাথায়ন অনেকটা অ্যাসপিরিনের মতোই ব্যথা কমায়।

 

Ads