ভারতে পলাতকদের প্রত্যর্পণ আইনি বিষয়: জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম


ভারতে পলাতকদের প্রত্যর্পণ আইনি বিষয়: জয়সওয়াল

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কয়েকজন শীর্ষ নেতা ও কর্মকর্তা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। তাদের বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশ-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রত্যর্পণের বিষয়টি মূলত একটি আইনি বিষয়। এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত দিক রয়েছে।’

ভারত এর আগেও একই অবস্থান জানিয়েছে উল্লেখ করে জয়সওয়াল বলেন, প্রত্যর্পণসংক্রান্ত বিষয়ে আইনি প্রক্রিয়া ও সংশ্লিষ্ট আইনগত বিষয়গুলো বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের কল্যাণ নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের কল্যাণে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পৃক্ততার মূল লক্ষ্য হলো একটি গঠনমূলক, ভবিষ্যৎমুখী ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা।’ এই দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ ও সম্পৃক্ততা পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বর্তমান অবস্থান নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর দীনেশ ত্রিবেদী জানিয়েছিলেন, তারেক রহমানের ভারত সফর হবে। তবে সফরের তারিখ নিয়ে এখনো আলোচনা হয়নি। দুই দেশের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য সময় দেওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কিছু অমীমাংসিত বিষয়ও আলোচনায় রয়েছে। এর মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি, পানি বণ্টন ও বাণিজ্যসহ বিভিন্ন ইস্যু রয়েছে।

গত ৩ অক্টোবর দীনেশ ত্রিবেদী বলেছিলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব বিষয় অমীমাংসিত রয়েছে, সেগুলো নিয়ে নিয়মিত আলোচনা, পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে এগিয়ে যেতে হবে।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সম্প্রতি দীনেশ ত্রিবেদী বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনেক শীর্ষ নেতা ও কর্মকর্তা দেশ ছেড়ে যান।

Ads