দেশের সার্বিক পরিস্থিতি কূটনীতিকদের জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

শেখ মোহাম্মদ তাজুল ইসলাম

২৪ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম


দেশের সার্বিক পরিস্থিতি কূটনীতিকদের জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, সন্ত্রাসবাদ মোকাবিলা, বিনিয়োগ ও সরকারের বিভিন্ন নীতিমালা সম্পর্কে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের অবহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।


ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী।
ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হুমায়ুন কবির বলেন, কূটনীতিকদের কাছে সরকারের দৃষ্টিভঙ্গি, নীতিমালা ও বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়েছে। বিনিয়োগসহ দেশের সামগ্রিক পরিস্থিতি এবং বিভিন্ন খাতে সরকারের নীতিমালা কীভাবে বাস্তবায়িত হচ্ছে, সে বিষয়েও আলোচনা হয়েছে।


তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান রয়েছে। কোনো ধরনের সন্ত্রাসবাদই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।


প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার সহনশীলতা ও সবাইকে সঙ্গে নিয়ে চলার নীতিতে বিশ্বাসী। দেশের জনগণ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে উন্মুক্ত আলোচনা ও সংলাপের মাধ্যমে সরকারের নীতিগত কার্যক্রম এগিয়ে নিতে চায়।


তিনি জানান, বছরের শেষ দিকে সব রাষ্ট্রদূতের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করা সম্ভব না হওয়ায় একসঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়েও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করা হবে।


ব্রিফিংয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে পৃথক মতবিনিময়ের আয়োজন করা হয়।

Ads