সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরলেন তথ্য উপদেষ্টা
২৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন অগ্রগতি ও অর্জন তুলে ধরে সাপ্তাহিক প্রেস ব্রিফিং করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাম্প্রতিক কার্যক্রম, গৃহীত উদ্যোগ এবং অগ্রগতির তথ্য তুলে ধরা হয়। ব্রিফিং শেষে উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার পর ২৩ নভেম্বর দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে জানানো হয়, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি চালু হয়েছে। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে কিনতে পারবেন। ঢাকা, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ ও ময়মনসিংহে ৭৩টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রতি শুক্রবার মোট ৩৬৫ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে। পাশাপাশি নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ২১টি বিশেষ অভিযান পরিচালনা করে ১৯টি প্রতিষ্ঠানকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্বাস্থ্য খাতের অগ্রগতি সম্পর্কে জানানো হয়, দেশের ৫০৩টি উপজেলা হাসপাতালে নার্স সংকট নিরসনে প্রায় চার হাজার সহকারী সার্জন এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। চিকিৎসক সংকট মোকাবিলায় ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের কার্যক্রমও এগিয়ে চলছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। এ ছাড়া অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, পাবনা-ঢাকা-পাবনা রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে নতুন দুটি আন্তনগর ট্রেন চালু হয়েছে। ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে ট্রেন দুটির নিয়মিত চলাচল শুরু হয়েছে।
অন্যদিকে পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার বাড়াতে ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে ৯ হাজার পাটের তৈরি গ্রোসারি ব্যাগ সরবরাহ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
এ ছাড়া নারী ও শিশু সহায়তা কর্মসূচি, যুব উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি ও অর্জন সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন সম্পর্কে জনগণকে অবহিত করা এবং গণমাধ্যমের মাধ্যমে এসব তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সাপ্তাহিক প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।























