খাগড়াছড়িতে বিঝু উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
১৭ মে ২০২৫, ০২:৫৯ পিএম
বৈ-সা-বি (বিঝু) উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের পেরাছড়া হেডম্যান পাড়ায় হিল স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খেলাধুলা ও বলি খেলার চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণ, লটারি ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ মে) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিঝু উদযাপন কমিটির আহবায়ক বিশ্ব জ্যোতি দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিপ্লব ত্রিপুরা, মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিপলু রাখাইন এবং হেডম্যান পাড়ার কার্বারী তুষার কান্তি চাকমা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মিলিতভাবে রক্ষা করতে হবে। তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে থেকে লেখাপড়া ও খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে।
তিনি আরও বলেন, “সমবেত প্রচেষ্টায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

এর আগে বিকেলে জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বলি খেলার প্রতিযোগিতা। আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। চূড়ান্ত পর্বে বলি খেলায় প্রথম স্থান অধিকার করেন সৃজন চাকমা, দ্বিতীয় স্থান বাবু মারমা এবং তৃতীয় স্থান অর্জন করেন চিকন চাকমা।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ প্রতিযোগীদের হাতে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন। একইসঙ্গে বিঝু উপলক্ষে আয়োজিত অন্যান্য খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের মাঝে নগদ অর্থ উপহারও প্রদান করা হয়।
পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশনায় ছিলেন উদীয়মান শিল্পী জুলিপ্রু মারমা, জোনাকি চাকমা, আরশি ত্রিপুরা, খাগড়াছড়ির স্বনামধন্য ইমাং ব্যান্ড, রাঙ্গামাটির জনপ্রিয় সাইক্লোন ব্যান্ড এবং খাগড়াছড়ির ‘য়াড়ুং ড্যান্স একাডেমি’।
আয়োজক কর্তৃপক্ষ জানান, পূর্বনির্ধারিত ২৫ এপ্রিল অনুষ্ঠানটি অনিবার্য কারণে স্থগিত হওয়ায় ১৬ মে তারিখে সম্পন্ন করা হয়েছে।





















