খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবলের শিরোপা খাগড়াছড়ি সদর জোনের

খাগড়াছড়ি প্রতিনিধি

১০ অক্টোবর ২০২৬, ০৮:২৪ এএম


খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবলের শিরোপা খাগড়াছড়ি সদর জোনের

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পানছড়ি দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি সদর জোন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে এ জয় পায় দলটি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ঘিরে স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল।

ম্যাচকে কেন্দ্র করে সকাল থেকেই স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গ্যালারিতে দর্শকদের ভিড়ের পাশাপাশি মাঠে দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়ায়। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর জোন। রানার্সআপ হয় পানছড়ি দল।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান।

খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে মিলনমুখর পরিবেশ তৈরি হয়।

টুর্নামেন্ট আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী। আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন পার্বত্য অঞ্চলে ফুটবলের প্রসার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখতে পারে।

Ads