খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরে সংবাদ সম্মেলন
১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন পুনর্গঠনসহ বিভিন্ন বিষয়ে দাবি ও সুপারিশ তুলে ধরেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। এসব দাবির পক্ষে প্রকাশিত একটি বইয়ের প্রচারপত্র বিতরণ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনায় সংস্কার, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন পুনর্গঠন এবং শিক্ষা, চাকরি ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের জন্য সমান অধিকার ও বৈষম্যহীন নীতি প্রতিষ্ঠার দাবি জানান।
এ ছাড়া জেলা ও আঞ্চলিক পরিষদে জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সকল নাগরিকের সমান সুযোগ সৃষ্টি এবং পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের দাবিও সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন নেতারা।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য রবিউল হোসেন (খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা), পানছড়ি উপজেলা সভাপতি মো. আব্দুল খালেক, দীঘিনালা উপজেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সাগর আহমেদ এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনসুর আলম হীরা।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি জালাল আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম (তারেক), পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্রবিষয়ক সম্পাদক ওসমান আহমেদ এবং সংগঠনটির সাবেক সভাপতি সুমন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ তাঁদের উত্থাপিত দাবি ও সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন গ্রহণের বিষয়েও আলোচনা করেন।



























