খাগড়াছড়িতে ১২ বিদ্যালয়ের ১২০ শিক্ষার্থীর অংশগ্রহণে হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত
১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
ছবি: প্রতিদিনের চিত্র
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য অধিকার ও সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘হেলথ অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, খাগড়াছড়ি ও হেলথ অলিম্পিয়াড আয়োজক কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে খাগড়াছড়ি সদর উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহবায়ক তাসলিমা সিরাজ সীমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী ও হেলথ অলিম্পিয়াড আয়োজক কমিটির যুগ্ম সমন্বয়কারী দহেন বিকাশ ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডাঃ ফারুক আবদুল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সিকদার, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার রাজেশ অধিকারী, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি অংপ্রু মারমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান, সচেতনতা ও ইতিবাচক অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য সমতাভিত্তিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্যবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সম্মাননাপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ হেলথ ওয়াচ কর্মসূচির আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা ও স্বাস্থ্য অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কার্যক্রমে জাবারাং কল্যাণ সমিতি হোস্ট সংগঠন িসেবে সাচিবিক দায়িত্ব পালন করছে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, আয়োজক কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



























