সাগর-রুনি হত্যা: ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম


সাগর-রুনি হত্যা: ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

সা ংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দিয়েছে সাগর সরওয়ারের পরিবার। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগটি জমা দেন হত্যা মামলার বাদী নওশের রোমান।

অভিযোগে বলা হয়েছে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যাকাণ্ডের শিকার হন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেলেও এর কোনো সুরাহা হয়নি। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তদন্তে ব্যর্থ হওয়ার পর হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর দেওয়া হয়।

তবে পিবিআই তদন্তের দায়িত্ব নেওয়ার পরও মামলাটির দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পিবিআইয়ের তদন্ত শুরুর প্রায় দুই বছর হতে চললেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কার্যকর অগ্রগতি হয়নি। এ অবস্থায় পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ জন্য অভিযোগটি রেজিস্টারভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে সাগর সরওয়ারের পরিবার।

Ads