সিলেট কিডনি হাসপাতাল উদ্বোধন করলেনে উপদেষ্টা শারমীন এস মুরশিদ
১১ জানুয়ারি ২০২৫, ০৮:৩৫ পিএম
গরীব ও দুস্থ কিডনি রোগীদের সেবা করার মানসিকতা নিয়ে আলোকিত উদ্যোগীপ্রাণদের সমন্বয়ে প্রতিষ্ঠা হল সিলেট কিডনি ফাউন্ডেশন, বললেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
তিনি বলেন, আলোকিত উদ্যোগীদের সম্মিলিত ইচ্ছা শক্তির মাধ্যমে সৃষ্টি এ প্রতিষ্ঠান দরিদ্র মানুষের সেবায় একটি রোলমডেল হয়ে উঠবে। দেশের মানুষকে এধরনের ভালো উদ্যোগ উদাহরণ, নিয়ম এবং রীতিতে পরিণত করতে পারলে বাংলাদেশ সহজেই একটি নতুন গন্তব্যে পৌঁছে যাবে।
শনিবার (১১ জানুয়ারী) সিলেট নগরের তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁওয়ে নির্মিত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রারম্ভে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক ভিডিও বার্তায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। এসময় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন যাঁদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় এই ১০ তলা বিশিষ্ট কিডনি ফাউন্ডেশন ভবন যাত্রা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা করেন- কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন- উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান-বীর উত্তম, ডা. জিয়া উদ্দিন, কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল এম এ সালাম (অব.) প্রমুখ।
এ সময় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, দায়িত্বের জায়গা থেকে এ অসাধারণ কাজের সাথে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যুক্ত হওয়া একটা বড় পাওয়া। সরকারি ব্যবস্থাপনায় অনেক সীমাবদ্ধতার কারণে ভালো কাজের সাথে সংযুক্ত হতে চাইলেও সহজে হওয়া যায় না। অনেক বাধা-বিপত্তি ও প্রশাসনিক ঘাটতি পেরিয়ে মানুষের সেবায় কিডনি ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হওয়া একটা ভালো দিক বলে উল্লেখ করেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আরো বলেন, কয়েকজন অসাধারণ মানুষের তীব্র ইচ্ছার কাছে সিলেট কিডনি ফাউন্ডেশন প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। আমরা এসব কাজের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে চাই এবং আগামীতে আরো ভালো কাজ করে যেতে পারি সে চিত্র তুলে ধরতে চাই।
তিন বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত ছিয়াত্তর হাজার প্রতিষ্ঠানকে সুব্যবস্থাপনায় আনা একটা বিশাল চ্যালেঞ্জ। এসকল প্রতিষ্ঠানগুলোকে সুগঠিত করতে হলে ন্যায়-নিষ্ঠাবান এবং কর্মঠ কর্মকর্তা/ব্যাক্তিদের দায়িত্ব নিতে হবে। সেলক্ষ্যে মন্ত্রণালয়ের কাঠামো ঢেলে সাজানো হচ্ছে।
উল্লেখ্য কিডনী হাসপাতাল সিলেটের সদর উপজেলায় ১০তলা ভিতের ওপর ৬তলা কিডনী হাসপাতাল নির্মাণ কাজ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হয়েছে। মানুষের মধ্যে কিডনি রোগ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি ও ঝুঁকি হ্রাস করা, স্বল্প মূল্যে কিডনি রোগের চিকিৎসা প্রদান, ডাক্তার, নার্স এবং প্যারামেডিকসদের প্রশিক্ষণ প্রদান, ৩০% দরিদ্র অবহেলিত, গরীব ও দুস্থ কিডনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ওয়ার্কশপ ও সেমিনারের মাধ্যমে কিডনি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা প্রকল্পটির উদ্দেশ্য।


























