ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়


ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়


ঢাকায় প্রাথমিকভাবে তিন বছরের জন্য চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়।

রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশ সফর করেছিলেন। ওনাদের সঙ্গে আমাদের সরকারের অনেকদিন ধরে আলোচনা চলছিল।

তিনি বলেন, ‘এই মিশনের একটা শাখা ওনারা বাংলাদেশে খুলতে চাচ্ছিলেন; আলোচনা করছিলেন। এই আলোচনার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

আসিফ নজরুল জানান, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নীতিগতভাবে অনুমোদন হয়েছে। কয়েকজন উপদেষ্টা মিলে এটা পরীক্ষা করবো। তা চূড়ান্ত করে টুর্কের কাছে তা পাঠানো হবে।

আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর হবে।

তিনি জানান, এই সমঝোতা স্মারক সাক্ষরের পর তিনি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। প্রাথমিকভাবে এটা হবে তিন বছরের জন্য। তিন বছর পর দুই পক্ষই যদি মনে করে এটা নবায়ন করা দরকার তাহলে এটা বিবেচনা করে দেখতে পারবে বলেও জানান তিনি।

 

Ads