সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে বড় রদবদল

মো. সাদেকীন রহমান

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম


সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে বড় রদবদল


বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেনা সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে গুরুত্বপূর্ণ ৬টি পদে এই পরিবর্তন আনা হয়। গত ২২ ফেব্রুয়ারি ৬ কর্মকর্তাকে বদলির রেশ কাটতে না কাটতেই এই নতুন আদেশ জারি করা হলো। সেনাবাহিনীর নির্ভরযোগ্য সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

নতুন এই আদেশে জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদ কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। এই দুই শীর্ষ কর্মকর্তার দায়িত্ব বিনিময় সেনাবাহিনীর অপারেশনাল কার্যক্রমে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।

কারিগরি ও প্রশাসনিক স্তরেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদকে সেনা সদরের অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে মেলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলিজির কমান্ড্যান্ট এবং ৬৬ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল মো. কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজেস্টিক এরিয়ায় বদলি করা হয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ৬ সেনা কর্মকর্তাকে বদলি করা হয়। বদলিতে চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। এই পদে আসেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর চেইন অব কমান্ড ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। বিশেষ করে এক সপ্তাহের ব্যবধানে মোট ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তার এই রদবদল বাহিনীর প্রশাসনিক কাঠামোতে নতুন সংস্কারের ইঙ্গিত দিচ্ছে। সেনা সদরের এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Ads