শিক্ষক ও অভিভাবক’সহ সবাইকে সচেতন থাকার আহবান- বৃষ কেতু চাকমা
০৭ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৩১ পিএম
শিক্ষার্থীরা যাতে কোন ধরনের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হতে না পারে বা সাময়িক লাভের প্রত্যাশায় জঙ্গীবাদী বা মৌলবাদী কর্মকান্ডে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে শিক্ষক ও অভিভাবক’সহ সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
তিনি বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নকলমুক্ত পরিবেশে সকল পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে পরিপূর্ণ আদর্শ মানুষ হওয়ার লক্ষ্য শিক্ষকদের আরো বেশী করে কাজ করতে হবে।
রবিবার (৩সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বি টি (বঙ্গলতলী টিনতিলা) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী ও ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।
৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বি টি (বঙ্গলতলী টিনতিলা) উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জ্ঞান জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য রেমরিয়ানা পাংখোয়া, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, বাঘাইছড়ি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, বি টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম রাজ চাকমা। স্বাগত বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী জেমস্ চাকমা।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা, স্বাস্থ্য কৃষি’সহ দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে প্রত্যান্ত এলাকায় স্কুল নির্মাণ, বৃত্তি প্রদান, বিনামূল্যে বই বিতরণ’সহ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে শিক্ষিত জাতি গঠনে। সরকারের শিক্ষিত জাতি গঠনের স্বপ্নপূরনে আমাদের সকলের সহযোগিতা করতে হবে। তিনি বলেন, দেশের চাহিদা পূরন করে বাইরের দেশে চাল রপ্তানি করে সরকার কৃষিখাতে বিপ্লব ঘটিয়েছে। যা কোন সরকার পারেনি। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে আরো বলেন, নীতি নৈতিকতা সঠিক রেখে তোমরা উজ্জল ভবিষ্যতের স্বপ্ন দেখ। কুকাজগুলো পরিহার করে ভালো কাজের প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারন আগামীতে তোমরাই এই দেশ পরিচালনা করবে। শিক্ষক অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটিদের নিয়ে এই জেলার শিক্ষার মান উন্নয়নে পরিষদের আয়োজনে সভা করারও ঘোষনা দেন জেলা পরিষদ চেয়ারম্যান।
আলোচনা সভার আগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বি টি (বঙ্গলতলী টিনতিলা) উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্ধোধন করেন পরিষদ চেয়ারম্যান।



















