মিনায় পৌঁছেছেন বাংলাদেশের হজযাত্রীরা
০৪ জুন ২০২৫, ০৭:১৪ পিএম
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীরা সৌদি আরবের পবিত্র মিনা প্রান্তরে সমবেত হয়েছেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশি হজযাত্রীদের হজ ব্যবস্থাপনা মনিটরিং দলের দলনেতা ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিকও বর্তমানে মিনায় অবস্থান করছেন।
সৌদি সরকারের নির্দেশনায় গতকাল মঙ্গলবার রাত থেকেই হাজীরা মিনায় আসতে শুরু করেন। নির্বিঘ্নে হাজীদের আগমন নিশ্চিত করতে আগেভাগেই এ নির্দেশনা দেয় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মিনার বিস্তীর্ণ প্রান্তর এখন ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত। বিত্ত-বৈভব আর পার্থিব কামনা-বাসনা পরিত্যাগ করে হাজীরা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ক্ষমা লাভের আশায় মগ্ন। সাদা, সেলাইবিহীন দু’টুকরো কাপড়ে ইহকাল ও পরকালের কল্যাণ কামনায় হাজীরা মিনায় অবস্থান করছেন।
হজের নিয়ম অনুযায়ী, মিনায় রাত যাপন শেষে আজ রাতেই হাজীরা আরাফাতের উদ্দেশে রওয়ানা হবেন। ভিড় এড়াতে এবং ব্যবস্থাপনা সহজ করতে আগেভাগেই হাজীদের আরাফাতে পৌঁছানোর ব্যবস্থা করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আগামীকাল ৯ জিলহজ্ব, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। এরপর মাগরিবের নামাজ আদায় না করেই মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন হাজীরা। মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করে সেখানে রাত যাপন করবেন তারা।
চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৪ লাখ ৭০ হাজার হজযাত্রী সৌদি আরবে এসেছেন। স্থানীয়দের সঙ্গে এই সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৮৬ হাজার ৯৫৮ জন।




























