গুজব ঠেকাতে কুলাউড়ায় ইমামদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়
২৫ অক্টোবর ২০১৯, ০৯:১৮ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্দোগে জঙ্গীবাদ, গুজব ও সামাজিক ব্যাধি প্রতিরোধের জন্য আলেম, ওলামা এবং ইমামগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪অক্টোবর) দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান বলেন, ইমামরা সমাজের চালিকা শক্তি। ঘুনে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তনে ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারীদের প্রতিরোধ করে সমাজে শান্তি-শৃংখলা রক্ষায় ইমামদের এগিয়ে আসতে হবে।
তিনি ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় কুলাউড়ায় আলেম সমাজের শান্তিপুর্ন প্রতিবাদের প্রশংসা করে বলেন, সমাজে একটি কুচক্রি মহল ধর্মীয় উত্তেজনার মাধ্যমে দেশে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রকারীদের প্রতি সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ যখন সামনের দিকে অবিরাম এগিয়ে যাচ্ছে ঠিক তখনই দেশকে অস্থিতিশীল করতে একটি কুচক্রী মহল সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান,কুলাউড়া থানার এসআই দিদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের অফিস সহকারী মাওঃ এসএম শিহাব উদ্দিন,মাওঃ আফতাব উদ্দিন,মাওঃ আব্দুল ওয়াহিদ,হাফিজ শামছুল ইসলাম প্রমুখ।
ইউএনও ফরহাদ চৌধুরী ইমামদের প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে ফেইসবুক আইডির সঠিকতা যাচাই না করে গুজবে কান না দেয়ার ও শুক্রবারের জুমার নামাজে প্রতিটি মসজিদে জঙ্গিবাদ ও গুজবের বিরুদ্ধে মুসল্লীদের সচেতন করার আহ্বান জানান। সভাশেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাওঃ আহসান উদ্দিন।
সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের দু’শতাধিক ইমাম অংশ গ্রহন করেন।





















