এমসি কলেজে গণধর্ষণ, ছাত্রলীগের ৬ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৩ পিএম


এমসি কলেজে গণধর্ষণ, ছাত্রলীগের ৬ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ছবি- সংগৃহীত

 

সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই গণধর্ষণের মামলার আসামিরা হলেন- এমসি কলেজ ছাত্রলীগের নেতা সাইফুর রহমান, রনি, রবিউল ইসলাম, মাসুম, তারেকুল ইসলাম ও অর্জুন লস্কর।


সাইফুরের বাড়ি বালাগঞ্জে, রনির বাড়ি হবিগঞ্জে, রবিউলের বাড়ি দিরাইয়ে, মাছুমের কানাইঘাটে, তারেকের বাড়ি সুনামগঞ্জে ও অর্জুনের জকিগঞ্জে। ধর্ষণের ঘটনায় এই অভিযুক্ত ৬ জনের মধ্যে সাইফুর রহমান নামে একজনের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তার কক্ষ থেকে একটি পাইপগান, চারটি রামদা, একটি ছুরি ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।


প্রসঙ্গত গণধর্ষণের শিকার তরুণী তার স্বামীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। এমসি কলেজ প্রধান ফটকে গাড়িতে স্ত্রীকে বসিয়ে রেখে কিছু কিনতে যান স্বামী, এ সময় ৫-৬ জন দৃর্বৃত্ত তরুণীকে জোর করে তুলে নিয়ে যেতে চাইলে তার স্বামী দৌঁড়ে আসে। তার স্বামী এসে বাধা দিতে চাইলে তাকেসহ দুজনকেই অস্ত্রের মুখে নিয়ে যায় এমসি কলেজ হোস্টেলের ৭ নম্বর ব্লকে। সেখানে নিয়ে গিয়ে স্বামীকে একটি কক্ষে তালাবদ্ধ করে তরুণীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বলেন, ওই নববধূ তার স্বামীর সঙ্গে এমসি কলেজে ঘুরতে এসেছিলেন। এক পর্যায়ে তার স্বামী সিগারেট খাওয়ার জন্য তাকে রেখে একটু সামনে কলেজের গেইটের বাইরে বের হন। ঠিক সময় ৬/৭ জন যুবক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে এমসি কলেজ ছাত্রাবাস এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।


আজ শনিবার সকালে সিলেটের শাহপরান থানায় একটি ধর্ষনের মামলা দায়ের করে ওই গৃহবধূর পরিবার। ছাত্রলীগের ৬ নেতা ও অজ্ঞাত আরও ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

 

Ads