এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: ছাত্রলীগ নেতা সাইফুর গ্রেফতার
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৩ পিএম
ছবি- সংগৃহীত
সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে সুনামগঞ্জের ছাতক থেকে আজ সকালে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত এই ছাত্রলীগ নেতা সাইফুর সিলেটের বালাগঞ্জ উপজেলার সোনাপুরের চান্দাইপাড়ার মো. তাহিদ মিয়ার ছেলে।
এই সাইফুরের বিরুদ্ধে অস্ত্র মামলারও অভিযোগ আছে। গণধর্ষণের দিন রাত ৩টার দিকে এমসি কলেজের হোস্টেলে পুলিশ অভিযান চালানো হয়েছে। এই অভিযান চালিয়ে তার কক্ষ থেকে একটি পাইপগান, চারটি রামদা ও একটি চাকু, দুটি লোহার পাইপ, প্লাসসহ বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত গণধর্ষণের শিকার তরুণী তার স্বামীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। এমসি কলেজ প্রধান ফটকে গাড়িতে স্ত্রীকে বসিয়ে রেখে কিছু কিনতে যান স্বামী, এ সময় ৫-৬ জন দৃর্বৃত্ত তরুণীকে জোর করে তুলে নিয়ে যেতে চাইলে তার স্বামী দৌঁড়ে আসে। তার স্বামী এসে বাধা দিতে চাইলে তাকেসহ দুজনকেই অস্ত্রের মুখে নিয়ে যায় এমসি কলেজ হোস্টেলের ৭ নম্বর ব্লকে। সেখানে নিয়ে গিয়ে স্বামীকে একটি কক্ষে তালাবদ্ধ করে তরুণীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা।
গণধর্ষণের এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদি হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়েছে।
এই মামলার আসামিরা হলেন- এমসি কলেজ ছাত্রলীগের নেতা সাইফুর রহমান, রনি, রবিউল ইসলাম, মাসুম, তারেকুল ইসলাম ও অর্জুন লস্কর। সাইফুরের বাড়ি বালাগঞ্জে, রনির বাড়ি হবিগঞ্জে, রবিউলের বাড়ি দিরাইয়ে, মাছুমের কানাইঘাটে, তারেকের বাড়ি সুনামগঞ্জে ও অর্জুনের জকিগঞ্জে। ধর্ষণের ঘটনায় এই অভিযুক্ত ৬ জনের মধ্যে সাইফুর রহমান নামে একজনের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তার কক্ষ থেকে ৪টি রামদা, ১টি পাইপগান, দুটি লোহার পাইপ ও ১টি ছুরি উদ্ধার করা হয়েছে।






















