এমসি কলেজে গণধর্ষণের ২নং আসামি তারেক গ্রেফতার
৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:২২ পিএম
ছবি- সংগৃহীত
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার ২নং আসামি তারেকুল ইসলাম তারেককে গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে তাকে আটক করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, তারেককে সিলেটে নিয়ে আসা হচ্ছে। সিলেটে পৌঁছলে আইনি প্রক্রিয়া শেষে তাকে মামলা সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে মামলার ৬ আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ডে নেয়া হয়েছে।
প্রসঙ্গত গণধর্ষণের শিকার তরুণী তার স্বামীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। এমসি কলেজ প্রধান ফটকে গাড়িতে স্ত্রীকে বসিয়ে রেখে কিছু কিনতে যান স্বামী, এ সময় ৫-৬ জন দৃর্বৃত্ত তরুণীকে জোর করে তুলে নিয়ে যেতে চাইলে তার স্বামী দৌঁড়ে আসে। তার স্বামী এসে বাধা দিতে চাইলে তাকেসহ দুজনকেই অস্ত্রের মুখে নিয়ে যায় এমসি কলেজ হোস্টেলের ৭ নম্বর ব্লকে। সেখানে নিয়ে গিয়ে স্বামীকে একটি কক্ষে তালাবদ্ধ করে তরুণীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা।
গণধর্ষণের এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদি হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়েছে।
এই মামলার আসামিরা হলেন- এমসি কলেজ ছাত্রলীগের নেতা সাইফুর রহমান, রনি, রবিউল ইসলাম, মাসুম, তারেকুল ইসলাম ও অর্জুন লস্কর। সাইফুরের বাড়ি বালাগঞ্জে, রনির বাড়ি হবিগঞ্জে, রবিউলের বাড়ি দিরাইয়ে, মাছুমের কানাইঘাটে, তারেকের বাড়ি সুনামগঞ্জে ও অর্জুনের জকিগঞ্জে। ধর্ষণের ঘটনায় এই অভিযুক্ত ৬ জনের মধ্যে সাইফুর রহমান নামে একজনের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তার কক্ষ থেকে ৪টি রামদা, ১টি পাইপগান, দুটি লোহার পাইপ ও ১টি ছুরি উদ্ধার করা হয়েছে।






















