বন্যা-বজ্রপাতে সিলেটের ৬ উপজেলায় ২২ জনের প্রাণহানি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ জুন ২০২২, ০৭:৪৭ পিএম


বন্যা-বজ্রপাতে সিলেটের ৬ উপজেলায় ২২ জনের প্রাণহানি

ছবি- সংগৃহীত।

 

ন্যা পরিস্থিতিতে পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, বজ্রপাত ও টিলাধসে এক সপ্তাহে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে। প্রকৃতপক্ষে এই সংখ্যা আরো বেশি হতে পারে। তবে, দুই জেলায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় সব তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, পরিস্থিতির কারণে সব উপজেলার তথ্য পাওয়া যাচ্ছে না। গতকাল সোমবার পর্যন্ত ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে কয়েকজন ভর্তি হয়েছেন।

 

তবে, বিভিন্ন সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেটের তিন উপজেলা, সুনামগঞ্জের দুই উপজেলা ও মৌলভীবাজারের এক উপজেলায় এখনো পর্যন্ত ২২ জনের প্রাণহানি ঘটেছে।

 

সিলেট নগরের খরাদিপাড়ায় গত শনিবার বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর (৩২) মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

 

এদিকে, গত রোববার সিলেট সদর উপজেলার নলকট এলাকা থেকে নিখোঁজ আব্দুল হাদি (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের কাচা মিয়ার ছেলে। এর আগে, গত বৃহস্পতিবার বাড়ির পাশে বন্যার প্রবল স্রোতে তলিয়ে যায় ওই তরুণ।

 

একই উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সুজাতপুর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা এ কে আবুল কাশেম (২৪) এবং তার দাদী ছুরেতুন নেছা (১০৫) পানিতে ডুবে মারা গেছেন।

 

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা এসব তথ্য নিশ্চিত করে জানান, রোববার বন্যার পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আরো এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘কয়েকদিন বিদ্যুৎহীন থাকায় মোবাইল নেটওয়ার্ক ছিল না। এ কারণে অনেক খবর মেলেনি। ধীরে ধীরে চারদিক থেকে প্রকৃত অবস্থার খবর আসছে।’

 

সিলেটের কানাইঘাট উপজেলায় গত রোববার পানিতে ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে। উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর। নিহত যুবকের নাম ফয়সল আহমদ (২২)। তিনি আগফৌদ নারাইপুর গ্রামের সুরুজ আলীর ছেলে।

 

ইউপি চেয়ারম্যান জানান, মাছ ধরতে গিয়ে ওই যুবক হঠাৎ পানিতে তলিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ছাতকের জাউয়া বাজার থেকে নিখোঁজ স্কুলছাত্রী হানিফা বেগমের (৯) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে পাশের কাইতকোনা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হানিফা বেগম শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা গ্রামের মৃত জিলু মিয়ার মেয়ে। মামার বাড়িতে বেড়াতে এসে বানের পানিতে ডুবে মারা যায় হানিফা।

 

Ads