দেশজুড়ে চলছে ‘বাংলা ব্লকেড’, তীব্র যানজটের শঙ্কা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ জুলাই ২০২৪, ১২:১৭ পিএম


দেশজুড়ে চলছে ‘বাংলা ব্লকেড’, তীব্র যানজটের শঙ্কা

ছবি- সংগৃহীত।

 

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আজ বুধবার সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলো তীব্র যানজটের কবলে পড়তে পারে।

আজ সকাল ১০টা থেকে সারাদেশে শিক্ষার্থীদের সড়ক-মহাসড়কের গুরুত্ব পয়েন্ট অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ পালনের আহ্বান জানিয়েছেন তারা। সকাল ১০টা থেকে শুরু হয়ে এই ব্লকেড কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলার কথা রয়েছে।

ঢাকার ভেতরে যেসব স্থানে ব্লকেড কর্মসূচি:শাহবাগ, কারওয়ানবাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, ফার্মগেট, চানখারপুল মোড়, চানখারপুল ফ্লাইওভার এ উঠার মোড়, বঙ্গবাজার, শিক্ষা চত্বর, মৎস্য ভবন, জিপিও, গুলিস্তান, সায়েন্সল্যাব, নীলক্ষেত, রামপুরা ব্রিজ, ঢাকা-আরিচা মহাসড়ক, মহাখালী, বাংলামোটর, আগারগাঁও।

ঢাকার বাইরে যেসব স্থানে ব্লকেড কর্মসূচি: রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী কলেজ), সিলেট-সুনামগঞ্জ রোড (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), বটতলা চত্বর (ইসলামী বিশ্ববিদ্যালয়), ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), রংপুর মডার্ণ মোড় (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), দেওয়ান হাট (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজসমূহ), খুলনা, নতুন রাস্তা, দৌলতপুর (জাতীয় বিশ্ববিদ্যালয়, খুলনা), গাজীপুর (আওয়ালে বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর), নোয়াখালী প্রেস ক্লাব (নোয়াখালী জেলার শিক্ষার্থীরা) ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে, ঢাকা-পাবনা মহাসড়ক (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ঢাকা-দিনাজপুর রোড (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ঢাকা-আরিচা মহাসড়ক (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), ঢাকা-পটুয়াখালী মহাসড়ক (বরিশাল বিশ্ববিদ্যালয়), ঢাকা-বরিশাল (বিএম কলেজ)।

উল্লেখ্য, ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে সরকার। পরে ২০২১ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে এর বিরুদ্ধে রিট করেন। গত ৫ জুন হাইকোর্টের এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা ব্যবস্থা।

গত শনিবার রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন। সে অনুযায়ী গত রবিবার ও সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ নিজ এলাকা থেকে এ কর্মসূচি পালন করে।

 

Ads