ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে স্টাফ বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুবকর সিদ্দিক (২৬) নামে এক কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুবকর সিদ্দিক নেত্রকোণা জেলার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় ঢাকাগামী ‘একেএইচ ইকো অ্যাপারেলস’-এর একটি স্টাফ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিচাগামী কাভার্ডভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক আবুবকর সিদ্দিক ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
গোলড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জয়নুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটির চালককে আটকের জন্য অভিযান চলছে।


































