শাহজালালে একদিনে ১৩.৮৪ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৩

মুহাম্মদ ইসমাইল হাসান

০৪ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম


শাহজালালে একদিনে ১৩.৮৪ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৩

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযানে একদিনে ১৩ দশমিক ৮৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি ২৫ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) বিমানবন্দরে ঢাকা কাস্টমস, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর জানিয়েছে।

দুটি অভিযানের মধ্যে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি এবং দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯ দশমিক ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের ‘ইকে-০৫৮২’ ফ্লাইটের দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে রানওয়েতে তাদের তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তাদের জুতার ভেতর লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৪ কেজি, যার বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকার বেশি।

বিমানকর্মীদের জুতার ভেতরে স্বর্ণবার লুকিয়ে পাচারের এই কৌশল সামনে আসার পর বিষয়টি খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দারা। এর পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না এবং থাকলে এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

অন্যদিকে, শনিবার দিবাগত রাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

আটক যাত্রীর নাম মি. ইয়াং ডন সিউ। তিনি মালয়েশিয়ার নাগরিক।

কাস্টমস সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর থেকেই ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে তিনি ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়।

তল্লাশিতে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নয়টি স্বর্ণবার পাওয়া যায়। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানা গেছে।

স্বর্ণবারগুলো কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় তার শার্টের নিচে শরীরের সঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল। ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি এবং স্বর্ণের বৈধতার পক্ষে প্রয়োজনীয় কোনো নথি বা দলিলও দেখাতে পারেননি।

উভয় ঘটনায় ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Ads