নির্বাচন বর্জনের ডাক দিয়ে আক্কেলপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

চৈতন্য চ্যাটার্জী

০৪ জানুয়ারি ২০২৪, ০৭:৩০ পিএম


নির্বাচন বর্জনের ডাক দিয়ে আক্কেলপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে জয়পুরহাট-২ আসনের আক্কেলপুরে প্রায় সর্বত্র চলছে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক প্রচারণা, অপরদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে। গতকাল বুধবার (৩ জানুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা পৌরসদর, সোনামুখী, রায়কালি, তিলকপুর,গোপীনাথপুর ও রুকিন্দীপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় তাদের এই কার্যক্রম পরিচালনা করে।

 

জানা যায়, নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে না যেতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক  জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নের্তৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে আক্কেলপুর পৌর এলাকার কলেজ বাজারে বিক্ষোভ মিছিল করে। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আব্বাস আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, আক্কেলপুর বিএনপি নেতা এম কেরামত আলী, বিএনপি নেতা মোঃ তুহিন, গোপীনাথপুর ইউনিয়নের বিএনপি নেতা মোঃ বকুল, রায়কালি ইউনিয়নের বিএনপি মোঃ মতু প্রমুখ।

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, বর্তমান সরকারের ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হচ্ছে। এতে আমরা জনগনের ব্যাপক সাড়া পেয়েছি। ওই পাতানো নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেনা বলে এলাকার ভোটাররা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন।

 

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোকছেদ আলী মাস্টার বলেন, বিএনপির এসকল কার্যক্রমে জনসাধারণের মধ্যে কোনো প্রভাব পরবে না। নারী পুরুষ ভোটারদের মধ্যে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। ভোটররা স্বত:স্ফূর্ত ভাবে ভোট দিতে ভোটকেন্দ্রে যাবে।

 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, কলেজ বাজারে খুব দ্রুত বিএনপি নেতারা মিছিলটি শেষ করে।

Ads