খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম


খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা

খাগড়াছড়িতে তিন পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত ত্রিপুরা সদস্য ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি শহরের মিলনপুরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের (বিটিকেএস) কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘একতাই শক্তি, একতাই উন্নয়ন—বিভেদে পতন’ স্লোগান সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

সংবর্ধিত অতিথিরা হলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা ও নারায়ণ ত্রিপুরা; রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুপর্ন দেব বর্মন; বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য আগস্টিন ত্রিপুরা এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা।

অনুষ্ঠানে খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ত্রিপুরা সম্প্রদায়ের ঐক্য সুদৃঢ় করা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে সাংগঠনিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্প্রদায়ের অগ্রগতির ধারা অব্যাহত রাখার বিষয়টিও গুরুত্ব পায়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সংবর্ধনা ও মতবিনিময় সভা ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃত্ব, পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

Ads