ইউএনওর নির্দেশ অমান্য করে নিয়োগ পরীক্ষা নিলেন মাদ্রাসার সভাপতি
২১ এপ্রিল ২০২৪, ০৭:১০ পিএম
ছবি- সংগৃহীত।
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে নিরাপত্তাকর্মী পদের নিয়োগ পরীক্ষা গ্রহনের অভিযোগ উঠেছে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার গণিপুর দাখিল মাদ্রাসায় ঘটেছে। নিয়োগে আর্থিক লেনদেন করে পূর্ব নির্ধারিত প্রার্থীকে নিয়োগ প্রদানসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একজন প্রার্থী অভিযোগ দিলে ওই নিয়োগ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ইউএনও।
গতকাল শনিবার (২০এপ্রিল) অভিযোগটি দায়ের করেন ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী পদের আবেদনকারী মো. আতাবুল হোসেন নামের একজন প্রার্থী।
শনিবার ওই মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, নিরাপত্তাকর্মী পদে নিয়োগের জন্য মাদ্রাসার একটি কক্ষে ১১ জন প্রার্থীর মধ্যে তিন জন প্রার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতি। তবে দেখা মেলেনি নিয়োগ বোর্ডের অন্যতম সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসানের। তার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তাঁকে ছাড়াই নিয়োগ দেওয়া হবে এবং এর আগেও তাকে ছাড়াই নিয়োগ দিয়েছি বলে জানান পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনামুখী ইউনিয়নের গণিপুর দাখিল মাদ্রাসায় আজ শনিবার নিরাপত্তাকর্মী পদে নিয়োগের জন্য আগে থেকেই ডি.এম মুনিম নামের একজন প্রার্থীর নিকট থেকে মোটা অংকের টাকা লেনদেন করে তাকে নিয়োগের জন্য চুড়ান্ত করে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান। সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার নিয়োগ পরীক্ষা গ্রহনের জন্য তারিখ চুড়ান্ত করা হয়। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টাকা লেনদেন করে পূর্ব নির্ধারিত প্রার্থীকে নিয়োগ প্রদান করা হচ্ছে বলে একটি পোষ্ট করেন অপর প্রার্থী আতাবুল হোসেন। পরে অনিয়মের বিষয়গুলি উল্লেখ করে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন ওই প্রার্থী। অভিযোগের পর বিষয়টি আমলে নিয়ে মুঠোফোনে পরিচালনা কমিটির সভাপতি এবং সুপারকে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে নিদের্শ দেন ইউএনও মনজুরুল আলম। এরপরও তারা নির্দেশ অমান্য করে নিয়োগ পরীক্ষা গ্রহন করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, নিয়োগ পরিক্ষা ছিল শনিবার (২০ এপ্রিল) কিন্তু তাকে শুক্রবার (১৯ এপ্রিল) রাতে ওই পদের আবেদনকারী প্রার্থীদের বাড়িতে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের জন্য নোটিশ পাঠানো হয়। পারিবারিক কাজে প্রার্থী আতাবুল হোসেন এলাকার বাহিরে অবস্থান করায় নিয়োগ পরীক্ষায় অংশ করতে পারেননি। ওই নিয়োগ পরীক্ষায় ডি.এম মুনিম নামের একজনকে নিয়োগ প্রদান করা হবে, সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী প্রার্থী মো. আতাবুল হোসেন বলেন, তারা নিয়ম অমান্য করে বিধি বহির্ভূতভাবে অর্থ লেনদেন করে ডি.এম মুনিম নামের প্রার্থীকের নিয়োগ প্রদান করবে বলে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়। সেই লক্ষে তারা কৌশলে পরীক্ষার আগের রাতে আমার বাড়িতে নোটিশ পাঠায়। এত অল্প সময়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। এটি একটি লোক দেখানো নিয়োগ পরীক্ষা ছিল।
ওই মাদ্রসার সুপার হাবিবুর রহমান বলেন, আমরা সরকারী বিধি অনুযায়ী নিয়োগ পরীক্ষার সকল প্রস্তুতি নিয়েছি। পরীক্ষা শুরুর আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসেছিলেন। পরে ইউএনও স্যার তাকে অফিসে ডেকে পাঠালে তিনি চলে যান। অভিযোগের বিষয়ে আমার জানা নেই।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী বলেন, আমরা নিয়ম অনুযায়ী নিয়োগ পরীক্ষা নিয়েছি। এই নিয়োগে আমরা কোন প্রার্থীর নিকট থেকে আর্থিক লেনদেন করিনি। যদি কেউ অভিযোগ দেয় সেটা মিথ্যা। ইউএনও সাহেবের সাথে মুঠোফোনে কথা হয়েছিল এবং নিয়োগ পরীক্ষা শেষে তাঁর সাথে দেখা ও আলাপ হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, শনিবার বেলা ১১ টায় নিয়োগ পরীক্ষা গ্রহনের কথা ছিল। ওই দিন সকালে নিয়োগে বিভিন্ন অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ হলে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে জানানো হয়েছে। তবে আমি ওই মাদ্রাসায় যাইনি। তিনি আরও বলেন, নিয়োগ বোর্ডের একজন সদস্যও অনুপস্থিত থাকলে নিয়োগ অবৈধ হিসাবে গণ্য হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ওই মাদ্রাসার নিরাপত্তা কর্মী পদে নিয়োগে অনিয়মের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানকে নিয়োগ কার্যক্রম স্থগিত করতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরে পরিক্ষার তারিখ নির্ধারন করা হবে। নিষেধ অমান্য করে পরীক্ষা নেওয়া হয়েছে বলে শুনেছি। কিন্তু কোন ফলাফল ঘোষণা করেনাই। যদি নিষেধ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।























